
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও বাসায় গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য নেবেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি। প্রতিটি পরিবারকে তথ্য সংগ্রহের আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।
তথ্য সংগ্রহকারীরা শিগগিরই সংশ্লিষ্ট পরিবারগুলোতে যেতে পারেন। এ সময় যেসব তথ্য ও কাগজপত্র প্রয়োজন হবে, সেগুলো আগেই প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত নারী সদস্যের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই তাদের জন্মনিবন্ধন সনদ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যদের সঠিক বিবরণ দিতে হবে। পাশাপাশি বাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাকে টাকা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন তথ্য সংগ্রহ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচির প্রচার ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

