
টানা বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতার উপস্থিতি কমেছে। বেচাকেনা কমে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি সংগ্রহ ও পরিবহন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এতে শিম, টমেটোসহ বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে।
বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পর শুক্রবারও রাজধানীতে বৃষ্টি অব্যাহত ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও বাজারগুলোতে ক্রেতার সমাগম ছিল তুলনামূলক কম। এতে শুক্রবারের জমজমাট বেচাকেনা থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। কদমতলীর সাদ্দাম মার্কেটেও ক্রেতা কম থাকায় বিক্রি আশানুরূপ হয়নি বলে জানিয়েছেন সবজি বিক্রেতারা।
খুচরা বিক্রেতা মো. ফরিদ উদ্দিন বলেন, সারা সপ্তাহ শুক্রবারের বাজারের অপেক্ষায় থাকেন তারা। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে ক্রেতা বেশি আসেন এবং বিক্রিও ভালো হয়। এ কারণে শুক্রবার দোকানে বেশি পরিমাণ সবজি তোলা হয়। কিন্তু টানা বৃষ্টিতে ক্রেতা কম থাকায় বেশিরভাগ সময় অলস বসে থাকতে হচ্ছে।
শনির আখড়া বাজারের মুরগি বিক্রেতা মো. উজ্জ্বল বলেন, সাধারণত শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে, ব্যস্ততায় দম ফেলার সুযোগ পাওয়া যায় না। কিন্তু বৃষ্টির কারণে ক্রেতা কমে গেছে। ডাকাডাকি করেও বিক্রি বাড়ানো যাচ্ছে না। শুক্রবারের বাজার হাতছাড়া হলে ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান হয়।
সবজির দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে কৃষকরা অনেক এলাকায় ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি। ফলে রাজধানীর পাইকারি বাজারে সবজিবাহী ট্রাকের সংখ্যা কমেছে। এতে সংগ্রহ ও পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন সবজির দাম বেড়েছে।
সাদ্দাম মার্কেট, শনির আখড়া ও যাত্রাবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। টমেটোর দাম কেজিতে ২০০ টাকা ছাড়িয়েছে। বেগুন ও করলার দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বরবটির দাম বেড়ে ১০০ টাকা ছুঁয়েছে। পটল আগের মতো ৬০ টাকা কেজি বিক্রি হলেও ঝিঙার দাম বেড়ে ৮০ টাকা হয়েছে।
এ ছাড়া মুলা ও শালগমের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। কাঁচামরিচের দাম কমে ৮০ টাকা হয়েছিল, এখন আবার বেড়ে ১০০ টাকা হয়েছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা। তবে লাউ, জালি ও কচুর লতির দাম অপরিবর্তিত রয়েছে।
সবজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে দামের ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

