জবাইখানার পাশে তরুণের মরদেহ উদ্ধার

0
128

কুমিল্লার লাকসামে জবাইখানার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) পৌরশহরের গন্ডামারা জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়। নিহত তরুণের নাম মহিউদ্দিন অন্তর (১৮), তিনি উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে তারা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মা মরিয়ম বেগম বলেন, তার স্বামী তাদের দুই সন্তান রেখে চলে যান। তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানদের লালনপালন করেছেন। পরে স্বামী মারা যাওয়ার পর অন্তর বড় হতে থাকে, মা ও পরিবারের সঙ্গে কম সময় কাটাতো। জীবিকার তাগিদে তিনি অন্যান্য তরুণদের সঙ্গে স্ক্রাপ সংগ্রহ করে বিক্রি করতো। মরদেহ শনাক্তের পর মা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারনা, সোমবার রাতে তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনের পাশে ফেলা হয়েছে। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here