
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে নগরের পাঁচলাইশ থানাধীন মমিনবাগের ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামের এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাজী সারোয়ার শ্রাবন (৩২) নামের এক ব্যক্তি এবং তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন একটি সাদা রঙের প্রাইভেটকারে ঘটনাস্থলে আসে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা নম্বর ৩৫, দণ্ডবিধির ৩৮২ ধারায় মামলা রুজু করা হয়।
এরপর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযানে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের হেফাজত থেকে ভুক্তভোগীর চোরাইকৃত একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

