
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধার শেষবিদায়ে বাধা দেওয়া স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক।
সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞপ্তিতে জিএম কাদের উল্লেখ করেন, গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী হয়ে সাক্ষ্য দিয়েছিলেন। তাঁর অভিযোগ, মৃত্যুর পরও এই মুক্তিযোদ্ধাকে নির্বিঘ্নে দাফন করা সম্ভব হয়নি। এ ঘটনাকে তিনি মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের অবমাননা বলে অভিহিত করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জিএম কাদের বলেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশি পাহারায় মানিক পশারীকে দাফন করা হয়। পরিবারের অভিযোগ, আগে খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছিল। পরে তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খুঁড়ে দাফনের ব্যবস্থা করেন। এমন ঘটনা রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞপ্তিতে পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। জিএম কাদের বলেন, রাজনৈতিক বিরোধ কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো মৃতদেহের অসম্মান করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের আচরণ ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থি।
পুলিশ লাইনসে গোপনে গার্ড অব অনার দেওয়ার খবর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তাঁর প্রশ্ন, একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রকাশ্যে দেওয়া সম্ভব হলো না কেন? এ ধরনের পরিস্থিতি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
জিএম কাদের আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং দেশের সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে হবে। সরকার এ দায় এড়াতে পারে না।
তিনি অবিলম্বে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্তিযোদ্ধা পরিবার ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষার দাবি জানান।
বিজ্ঞপ্তির শেষাংশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জিএম কাদের। তিনি বলেন, যারা দেশ স্বাধীন করেছেন, তাঁদের শেষবিদায়ের মর্যাদাও রক্ষা করতে না পারা গোটা জাতির ব্যর্থতা।

