ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৮২

0
17

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ও মৃত্যু সবচেয়ে বেশি। এ সময়ে এ বিভাগে নতুন করে ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ছয়জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ২১৪ জন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি একজন মারা গেছেন। রাজশাহী বিভাগে নতুন করে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২০৫ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর সবচেয়ে বেশি ১৯২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা শহরসহ। এ ছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গুতে মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here