ব্যয়ের চাপে পিছিয়ে পড়ছে মানুষের আয়, কমছে ক্রয়ক্ষমতা

0
41

দেশে মূল্যস্ফীতির হার সামান্য কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে স্বস্তি ফিরছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বাসাভাড়া, জ্বালানি, পরিবহন ও বিভিন্ন সেবা খাতের ব্যয় বাড়তে থাকায় চাপে পড়েছেন সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় আয়-ব্যয়ের ব্যবধান ক্রমেই বাড়ছে। ফলে সংসার চালাতে হিমশিম খাওয়ার পাশাপাশি কমছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বাজারে পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সেই অনুপাতে মানুষের আয় বা মজুরি বাড়ছে না। বরং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে শ্রমজীবী মানুষের উপার্জন।

বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে। এর আগের মাস সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৭ শতাংশ পয়েন্ট।

তবে একই সময়ে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও কমেছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে শূন্য দশমিক ২৭ শতাংশ পয়েন্ট। অক্টোবরে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম রয়েছে শূন্য দশমিক ৬৪ শতাংশ পয়েন্ট।

এক বছর আগের পরিসংখ্যানেও একই ধরনের চিত্র দেখা যায়। ২০২৫ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ এবং মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ১০ শতাংশ পয়েন্ট। বিপরীতে মজুরি বৃদ্ধির হার কমেছে শূন্য দশমিক ৪০ শতাংশ পয়েন্ট। এতে স্পষ্ট হচ্ছে, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না মানুষের আয়।

অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত খাতে ব্যয়ের চাপ আরও বেড়েছে। অক্টোবরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ এবং গত বছরের একই সময়ে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ এক মাসে বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট এবং এক বছরে বেড়েছে শূন্য দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট।

বিশেষ করে বাসস্থান, জ্বালানি, পরিবহন ও বিভিন্ন সেবার ব্যয় বৃদ্ধির কারণে খাদ্যবহির্ভূত খাতে এই চাপ তৈরি হয়েছে।

উপখাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বাসস্থান, পানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৮১ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৭ দশমিক ৮১ শতাংশ।

পরিবহন ও যাতায়াত খাতেও ব্যয় বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৩২ শতাংশে। আগের মাসে ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ছিল ৬ দশমিক ৮০ শতাংশ।

বাসার বাইরে খাবার গ্রহণ ও আবাসন খরচের ক্ষেত্রেও উচ্চ মূল্যস্ফীতি দেখা গেছে। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১৪ দশমিক ১৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ১৩ দশমিক ২৬ শতাংশ এবং গত বছরের একই সময়ে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া পোশাক ও জুতা খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৭ শতাংশে। গত বছরের অক্টোবরে এ হার ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ। তামাক ও মাদকদ্রব্যজাতীয় পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৬৭ শতাংশ।

গ্রাম ও শহর—উভয় অঞ্চলেই মূল্যস্ফীতির প্রভাব রয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে গ্রামাঞ্চলে ব্যয়ের চাপ তুলনামূলক বেশি।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ৭ দশমিক ১৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশে নেমেছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

অন্যদিকে শহরাঞ্চলে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। শহরে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমেছে। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮ দশমিক ৯২ শতাংশ।

সিপিআইয়ের মজুরি সূচক বিশ্লেষণে দেখা গেছে, অর্থনীতির প্রধান তিনটি খাত—কৃষি, শিল্প ও সেবা—কোনোটিতেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যেতে পারেনি।

অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশে। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৮৯ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট।

উৎপাদন ও নির্মাণ খাতের সমন্বয়ে গঠিত শিল্প খাতে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬২ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ। সে হিসাবে এক বছরে শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ পয়েন্ট।

একইভাবে সেবা খাতেও মজুরি বৃদ্ধির গতি কমেছে। এক বছরের ব্যবধানে এ খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে শূন্য দশমিক ২৯ শতাংশ পয়েন্ট। ফলে প্রধান তিনটি খাতেই আয় বৃদ্ধির গতি মূল্যস্ফীতির তুলনায় পিছিয়ে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন কালবেলাকে বলেন, অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশ হলেও মজুরি বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় শূন্য দশমিক ৬৪ শতাংশ বেশি। এর অর্থ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে।

তিনি বলেন, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছানোয় বাসাভাড়া, জ্বালানি, পরিবহন ও চিকিৎসার মতো জরুরি খরচ সামলাতে পরিবারগুলোকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক ব্যয়ের চাপ কমেনি। ফলে মানুষ সঞ্চয় কমাতে বাধ্য হচ্ছে। কেউ পুষ্টিকর খাবার ও চিকিৎসার ব্যয় সংকুচিত করছে, আবার কেউ ঋণ করে সংসার চালাচ্ছে। গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেশি থাকায় কৃষক ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং বাজার তদারকি জোরদারের পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে বাসাভাড়া, পরিবহন ও জ্বালানি ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা বাড়ানোর পাশাপাশি মজুরি নিয়মিত পর্যালোচনা, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে।

ড. ফাহমিদা খাতুনের মতে, মানুষের প্রকৃত আয় না বাড়লে মূল্যস্ফীতি কমার সুফলও সাধারণ পরিবারের কাছে পৌঁছাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here