আকাশমণি ফুলের সৌন্দর্যের আড়ালে অ্যালার্জি ও শ্বাসকষ্টের ঝুঁকি

0
30

গাছের ডালজুড়ে সোনালি ফুলের সমারোহ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজের মাঝে ছড়িয়ে আছে সোনালি রঙের চাদর। পথচারীদের দৃষ্টিও আটকে যায় ফুলের এই মনোমুগ্ধকর সৌন্দর্যে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য তৈরি করেছে আকাশমণি গাছ।

তবে চোখজুড়ানো এই সৌন্দর্যের আড়ালে রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। আকাশমণি ফুলের পরাগরেণু বাতাসে ছড়িয়ে সংবেদনশীল ব্যক্তিদের অ্যালার্জি ও শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের এ সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের পাশে, পুকুরপাড়ে এবং বসতবাড়ির আশপাশে থাকা আকাশমণি গাছে এখন ফুল ফুটেছে। সোনালি ফুলে ছেয়ে যাওয়া গাছগুলো সহজেই মানুষের নজর কাড়ছে। তবে বাতাসের সঙ্গে ফুলের পরাগরেণু ছড়িয়ে পড়ায় তা অ্যালার্জি ও শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বাতাসে ভেসে বেড়ানো আকাশমণি ফুলের পরাগরেণু শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে নাক ও শ্বাসনালিতে প্রবেশ করলে সংবেদনশীল ব্যক্তিদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর ফলে হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। আগে থেকেই হাঁপানি কিংবা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এসব সমস্যা আরও গুরুতর হতে পারে।

আকাশমণি গাছ একাশিয়া বা সোনাঝুরি নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Acacia auriculiformis। এটি দ্রুত বর্ধনশীল একটি চিরহরিৎ বৃক্ষ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ গাছের বিস্তৃতি রয়েছে। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনি এ প্রজাতির আদি বিস্তৃতির অন্তর্ভুক্ত।

গাছটির ফুল সোনালি রঙের। অসংখ্য পুংকেশর একত্র হয়ে গুচ্ছাকারে ফুল তৈরি করে। সাধারণত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ গাছে বেশি ফুল দেখা যায়। দ্রুত বেড়ে ওঠা এবং কাঠের ব্যবহারিক মূল্য থাকায় একসময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে আকাশমণি গাছ রোপণ করা হয়েছিল।

তবে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ২০২৫ সালে আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এসব আগ্রাসী প্রজাতির পরিবর্তে দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি শোষণ, মাটির আর্দ্রতা ও উর্বরতার ওপর বিরূপ প্রভাব এবং স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়গুলো নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে ২০২৫ সালে প্রকাশিত World Allergy Organization Journal-এর একটি গবেষণায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় অ্যালার্জি সৃষ্টির সম্ভাবনা বেশি এমন ১০টি উদ্ভিদগোষ্ঠী ও প্রজাতির তালিকায় আকাশমণি গাছের নামও উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, এ গাছের পরাগরেণু মানুষের শরীরে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, বাইরে বের হলেই প্রায়ই আকাশমণি ফুল চোখে পড়ে। ফুলের সোনালি রং সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে এ ফুলের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে আগে তাঁর জানা ছিল না।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সৌন্দর্য বাড়াতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আকাশমণি গাছের ক্ষেত্রে কিছুটা ভিন্ন চিত্র রয়েছে। এর সোনালি ফুল দেখতে আকর্ষণীয় হলেও পরাগরেণু বাতাসে ছড়িয়ে শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে আগে থেকেই শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এসব পরাগরেণু জটিলতা বাড়াতে পারে।

তিনি আরও বলেন, যাঁরা হাঁপানি বা শ্বাসকষ্টে ভুগছেন, তাঁদের আকাশমণি ফুল ফোটার মৌসুমে বাড়তি সতর্ক থাকতে হবে। এ সময় বাইরে বের হলে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা উচিত। এতে ফুলের পরাগরেণুর সংস্পর্শে আসার ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here