নড়াইলে বাড়ির ছাদ থেকে হাত বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

0
31

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে হাত বাঁধা অবস্থায় আজিবর শেখ (৪২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির ছাদে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আজিবর শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবর। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে রাত দেড়টার দিকে মোল্যার মাঠের এক কোণে পরিত্যক্ত অবস্থায় তাঁর ভ্যানটি পাওয়া যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য সেটি নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here