চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

0
25

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী এলাকায় ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজীপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি (বন্দর/পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিপিএম-সেবার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

পুলিশ জানায়, অভিযানের সময় হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজীপ গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য হিসেবে কর্মরত থাকার কথা জানান। বিষয়টি যাচাই করতে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here