শিশু থেকে বৃদ্ধ—সব বয়সেই বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি

0
23

দেশে ডায়াবেটিসের বিস্তার ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। শহর থেকে গ্রাম, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—কেউই এই রোগের ঝুঁকির বাইরে নন। উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত মানুষের একটি বড় অংশ জানেনই না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। ফলে রোগ শনাক্ত হওয়ার আগেই অনেকের শরীরে দেখা দিচ্ছে হৃদরোগ, কিডনি জটিলতা, দৃষ্টিশক্তি হ্রাস ও স্নায়ুজনিত নানা সমস্যা। জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে দীর্ঘমেয়াদি এই রোগ।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশটি সপ্তম অবস্থানে পৌঁছাতে পারে। ওই সময় বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ২৩ লাখে দাঁড়ানোর আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত রক্ত পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি ঘর, কর্মস্থল ও সমাজের প্রতিটি পর্যায়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরাও স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯ দশমিক ২ শতাংশ। প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ১৩ দশমিক ৩ শতাংশ। একই জরিপে প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্কের অনির্ণীত ডায়াবেটিস থাকার তথ্য উঠে এসেছে। অন্যদিকে, বিডিএইচএস ২০২২-এর বিশ্লেষণে দেশে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ আক্রান্ত মানুষের একটি বড় অংশ এখনো রোগ শনাক্তের বাইরে রয়েছেন। এতে চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছে এবং জটিলতা বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ। শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হলে অথবা উৎপন্ন ইনসুলিন যথাযথভাবে কাজ না করলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন এই মাত্রা নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর ফলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি হারানো, স্নায়ুর সমস্যা এবং পায়ে ক্ষত তৈরি হয়ে অঙ্গহানির ঝুঁকি বাড়ে। কর্মক্ষম বয়সে আক্রান্ত হলে ব্যক্তির কর্মজীবন, উৎপাদনশীলতা এবং পরিবারের আর্থিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের আগে প্রি-ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। এ অবস্থায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা ডায়াবেটিস নির্ণয়ের পর্যায়ে পৌঁছায় না। সময়মতো জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারলে অনেক ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।

অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটে চর্বি জমা, শারীরিক পরিশ্রমের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পারিবারিক ইতিহাস ও বয়স এ রোগের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাসও ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. ফারিয়া আফসানা বলেন, শরীরের ওজন ৫ থেকে ৬ শতাংশ কমানো, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা এবং ভাত, ময়দা ও মিষ্টি পানীয় গ্রহণ নিয়ন্ত্রণ করা জরুরি। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৫৮ শতাংশ এবং ভারতে ২৮ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পেয়েছে।

দেশে ডায়াবেটিস চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র থাকলেও সব অঞ্চলে সমানভাবে সেবা পৌঁছানো সম্ভব হয়নি। রাজধানী ও বড় শহরগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার সুযোগ তুলনামূলক বেশি। তবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এসব সুবিধা সীমিত।

এ ছাড়া ডায়াবেটিস চিকিৎসায় শুধু ওষুধ সরবরাহ যথেষ্ট নয়। রোগীদের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম, ওষুধ ব্যবহারের নিয়ম এবং রোগের জটিলতা সম্পর্কে সচেতন করাও জরুরি। এ ক্ষেত্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সেবার প্রয়োজনীয়তা রয়েছে।

ডায়াবেটিসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভাবস্থায় প্রথমবারের মতো রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে মা ও শিশু উভয়ের জন্য জটিলতা তৈরি হতে পারে। যথাসময়ে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে বড় আকারের শিশু জন্ম, প্রি-এক্ল্যাম্পসিয়া, সিজারিয়ান প্রসব এবং নবজাতকের রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়ে।

গ্রিন লাইফ মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিনা হোসেন বলেন, গর্ভকালীন ডায়াবেটিসে মা ও শিশুর বিভিন্ন জটিলতার আশঙ্কা বেড়ে যায়। এ ছাড়া আক্রান্ত নারীদের পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ কারণে সব গর্ভবতী নারীর ডায়াবেটিস পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় যথাসময়ে পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান জন্মের পর মায়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরি।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপজেলা ও জেলা পর্যায়ের চিকিৎসক, নার্স এবং ডায়েটিশিয়ানদের জন্য মডিউলভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাশ্রয়ী ওষুধের অগ্রাধিকার তালিকা তৈরি করে সরকারি উদ্যোগে সারা দেশে সেগুলোর সহজপ্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসাসেবা উন্নয়নে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আট দফা সুপারিশও তুলে ধরেছে।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে—জাতীয় ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী পাঁচ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ। ৩৫ বছরের বেশি বয়সীদের ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনার পাশাপাশি বিএমআই ২৩ বা তার বেশি এবং অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম স্ক্রিনিং নিশ্চিত করা।

এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা, নিয়মিত ওষুধ সরবরাহ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার সুবিধা নিশ্চিত করা এবং জটিলতা শনাক্তের ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে।

সব অন্তঃসত্ত্বা নারীর ডায়াবেটিস পরীক্ষা, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং প্রসব-পরবর্তী ফলোআপ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বয়সোপযোগী স্বাস্থ্যশিক্ষা চালুর কথাও বলা হয়েছে।

অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে এন্ডোক্রাইনোলজিস্টদের জন্য সরকারি পদ সৃষ্টি, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রশিক্ষণ বাড়ানো, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি প্রতিষ্ঠা, গবেষণা কার্যক্রম জোরদার এবং রোগীদের নিয়মিত চিকিৎসা ও ফলোআপ নিশ্চিত করা।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগাম শনাক্তকরণ, সচেতনতা এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে এই নীরব ঘাতকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here