গাজীপুরে পোশাক শ্রমিকদের অবরোধে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

0
19

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় দুই পাশের যান চলাচল। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ছয়দানা ও হাড়িকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নীট ওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবনীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে উৎপাদন ফ্লোরে অবস্থান নিয়েছেন। একই পরিস্থিতিতে বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানায় সকাল ১০টার দিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here