
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ তার গতিপথ পরিবর্তন করেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের পরিবর্তে ওড়িশার পুরী উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নতুন বুলেটিনে এ তথ্য জানিয়েছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর।
এর আগে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে সম্ভাব্য আঘাত হানার স্থান পরিবর্তিত হয়ে ওড়িশার পুরীর কাছাকাছি নির্ধারণ করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তি সঞ্চয় করছে। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় সাত কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এর গতিপথ উত্তর-উত্তর-পশ্চিমমুখী।
সর্বশেষ অবস্থান অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
এদিকে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও ওড়িশার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস ও নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

