
দেশের জনগণের মতোই সেনাবাহিনীও চায় সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এতে দেশের স্থিতিশীলতা আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে মত দিয়েছেন সেনাসদরের কর্মকর্তারা। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, “সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা আশা করি দেশের স্থিতিশীলতা আরও উন্নত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই মুহূর্তের অপেক্ষায় আছি।” লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, “সরকার এখন পর্যন্ত যে নির্বাচনী রূপরেখা প্রণয়ন করেছে, তার ভিত্তিতেই সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আমাদের বর্তমান প্রশিক্ষণ কার্যক্রমে নির্বাচনের সময় সেনাবাহিনীর করণীয় বিষয়ক দিকগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।” তিনি যোগ করেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা সর্বদা বলি— *‘We train as we fight’*।” গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন পর্যন্ত বা তার পরও হয়তো আমাদের বাইরে থাকতে হতে পারে। এতে প্রশিক্ষণে কিছুটা ব্যাঘাত ঘটছে।” তিনি আরও বলেন, “গত ১৫ মাসে সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছে। এটি সহজ কাজ ছিল না। দেশের ইতিহাসে এমন পরিস্থিতি প্রতিদিন আসে না। তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং সেনাবাহিনী তাদের মূল দায়িত্বে, সেনানিবাসে, ফিরে যেতে পারে।” তিনি শেষে উল্লেখ করেন, বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করতে গিয়ে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছে এবং এই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যতে আরও সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

