
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে মিছিলের ডাক দিয়েছেন। শহীদ মিনার এলাকা থেকে এই মিছিল যমুনার উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নতুন করে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। পরীক্ষার্থীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করে বরং পুলিশি নিপীড়নের মুখে পড়তে হয়েছে। তারপরও তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রায় এক মাস ধরে লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে আন্দোলন চলছে। গত মঙ্গলবার যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে, আহত হন কমপক্ষে ১৫ জন। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জায়গায়ও ৪৭তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণদের একটি অংশ বিক্ষোভ করেছেন। ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর দেশের ৮ বিভাগে ২৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী আবেদন করলেও উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। পিএসসি ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে।

