সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ৫০ নেতার একযোগে পদত্যাগ

0
232

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটি অনুমোদনের ৪৮ ঘণ্টা না পেরোতেই একযোগে পদত্যাগ করেছেন সংগঠনের ৫০ নেতা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা নতুন কমিটিকে ‘অবৈধ, অস্বচ্ছ ও একতরফা’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টিএম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলামসহ মোট ৫০ জন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত না করেই কেন্দ্রীয় নেতৃত্ব হঠাৎ করে গোপনে নতুন কমিটি ঘোষণা করেছে। কোনো আলোচনা বা অংশগ্রহণ ছাড়াই গঠিত এ কমিটি সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও নীতির পরিপন্থি বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, নতুন কমিটিতে এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদকসংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। পদত্যাগকারী নেতারা জানান, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া ছাড়া গঠিত কোনো কমিটিকে তারা মানবেন না। সংগঠনের আদর্শ রক্ষার স্বার্থেই তারা একযোগে পদত্যাগ করেছেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ৬ মাসের জন্য সিরাজগঞ্জ জেলা কমিটির নতুন অনুমোদন দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here