
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক সংস্কার ও প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে। এসব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কর্তৃপক্ষ সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে স্মৃতিসৌধের প্রধান ফটকে টানানো এক নোটিশে জানানো হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৯ দিন স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ থাকবে। রাষ্ট্রীয় অনুষ্ঠান, পরিচ্ছন্নতা এবং উন্নয়নমূলক কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু বলেন, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তাই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন, তারা এই সময়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। বিজয় দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকা পরিপাটি ও নিরাপদ রাখতেই এগুলো করা হচ্ছে।
