
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার কদমতলী এলাকায় কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ল্যাপটপটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কদমতলী আটমাসিং থেকে রেললাইনগামী সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাসানুজ্জামান খান (৪১) বাসার উদ্দেশে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীরা তাকে জোরপূর্বক আটক করে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করা হয়। মামলাটি কোতোয়ালি থানার মামলা নম্বর-৪০, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬; পেনাল কোডের ৩৯২ ধারায় এটি করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। সদরঘাট থানা পুলিশের সহযোগিতায় সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন (৩১)কে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার আনোয়ার হোসেন একাধিক মামলার আসামি। তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


