
টঙ্গীর তুরাগ নদের রেলসেতুর পাশে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় একটি পরিত্যক্ত কার্টনের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে খুঁজে পাওয়া এই কার্টনের মধ্যে পায়ের গোড়ালিসহ নিচের অংশ উদ্ধার করা হয়। টঙ্গী রেলওয়ে ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া পা পুরুষের না নারীর তা এখনও নির্ধারণ সম্ভব হয়নি। তবে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, এটি সম্প্রতি কাটা হয়েছে এবং কার্টনের ভেতরে রক্তের দাগ এখনও তাজা। ধারণা করা হচ্ছে, এটি আজই ঘটেছে এবং সম্ভবত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি আরও বলেন, ঘটনাস্থলে র্যাব, সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। বিভিন্ন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে, যাতে দ্রুত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা যায়।


