
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ। এবারের পরীক্ষায় অংশ নিয়েছেন কয়েকজন ক্রীড়াবিদও, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতের মাটিতে রয়েছেন মারুফা। সেখানেই পেয়েছেন দুঃসংবাদ—এইচএসসি পরীক্ষায় একটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন তিনি। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ভূগোল বিষয়ে মারুফা ফেল করেছে। আমরা বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন করব।’ বিকেএসপি থেকে এবারে মোট ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। অন্য পাঁচজন হলেন—টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।


