
চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটার সতীশ বাবু লেইনে অটোরিকশার যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল ভিডিওতে থাকা মূল আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে সতীশ বাবু লেইনে একটি অটোরিকশার যাত্রীকে গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মূলহোতা সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় এবং বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের টিম-৩১। এরই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকার তালতল থেকে ভাইরাল ভিডিওতে সাদা টি-শার্ট পরিহিত মূল আসামি মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ৪৩ বছর বয়সী সাদ্দাম একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এর আগে ২০২৫ সালে কোতোয়ালী থানার টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়ও তিনি গ্রেফতার হয়েছিলেন। পুলিশ আরও জানায়, সাদ্দামের প্রকাশ্য কোনো জীবিকা নেই। তিনি ও তার সহযোগী মাইন উদ্দিন ওরফে বান্ডু ছিনতাই করে জীবিকা নির্বাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচারসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


