
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের প্রবাসী শেখ মো. কামরুল (৩৬)। বুধবার (১৫ অক্টোবর) সকালে বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। নিহত কামরুল মৃত শেখ কামাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে ওমানের সিলাল মার্কেটে ব্যবসা করছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ শেষে চার মাস দেশে কাটিয়ে গত ১০ অক্টোবর কামরুল তার চাচাতো ভাই সজিব, শামীম, সোহেল রানা ও চাচা আলমাছ ও জাহাঙ্গীরের সঙ্গে ওমানে ফিরে যান। ফিরে আসার মাত্র ছয় দিন পরই ঘটে এই দুর্ঘটনা। ঘটনার দিন বাসা থেকে সিলাল মার্কেটের উদ্দেশে রওনা হলে এক তানজানীয় চালকের প্রস্তাবে তিনি একটি বাসে ওঠেন। বাসটি নতুন সিলাল মার্কেট গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মাটি কাটার গাড়ি (জেসিবি)-এর সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুল মারা যান। বর্তমানে তার মরদেহ রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবার জানায়, বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় তার লাশ দেশে পৌঁছাবে এবং বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাদ জোহর নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি দুই শিশু পুত্র রেখে গেছেন—একজনের বয়স ৪ বছর, অন্যজন মাত্র ৫ মাসের। ১২ বছর বয়সে জীবিকার সন্ধানে প্রবাসে যাওয়া এই মানুষটির মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।


