
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় সেখানে শিগগিরই ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা ও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভা সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুরে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত জঘন্য। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ প্রেস সচিব আরও জানান, ওই এলাকায় অভিযান আরও জোরদার করা হবে। সব আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে অংশ নিয়ে কম্বাইন্ড অপারেশন পরিচালনা করবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে, তারা যতই প্রভাবশালী হোক না কেন, গ্রেপ্তার করা হবে। পাশাপাশি লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও তিনি জানান।ঘটনাটি বাহিনীর সদস্যদের মনোবলে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, বরং আমি মনে করি, এ ঘটনা তাদের দৃঢ়তা ও সংকল্প আরও শক্তিশালী করবে।’ উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে এক সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার সময় হামলার শিকার হন র্যাব সদস্যরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা মো. মোতালেব নিহত হন। ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, খুনোখুনি ও সহিংস তৎপরতা চলে আসছে।


