
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের পণ্যের তালিকায় নতুন তিনটি সামগ্রী যুক্ত করেছে—গোসলের সাবান, কাপড় কাচার সাবান এবং ডিটারজেন্ট পাউডার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এসব পণ্যের বরাদ্দ দেওয়া শুরু হবে, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। রোববার (৩০ নভেম্বর) টিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলকভাবে নতুন পণ্যগুলো ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ সিটি করপোরেশন এবং ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারী—এই পাঁচ জেলার ৫০ হাজার করে মোট পাঁচ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের প্রতিক্রিয়ার ভিত্তিতে পরবর্তী সময়ে সারাদেশে এসব পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন পণ্যগুলো ভর্তুকি মূল্যে নয়, তবে বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করা হবে। পরীক্ষামূলক বিক্রির জন্য ১০০ গ্রাম লাক্স সাবান ৪৫ টাকা, ৫০০ গ্রাম হুইল ডিটারজেন্ট পাউডার ৬০ টাকা এবং ১২৫ গ্রাম জার্মনিল লন্ড্রি সাবান ২৩ টাকায় পাওয়া যাবে।


