
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এ ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থার আওতায় ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্টদের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। ইসির বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থায় ভোট দিতে হলে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে। এতে আরও বলা হয়, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর আওতাধীন সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে উদ্বুদ্ধ করতে হবে। iBAS++ সিস্টেম ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় যাচাই করা হবে। তবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত iBAS++ সিস্টেম বন্ধ থাকায় এ সময় নিবন্ধন করা যাবে না। ইসি জানায়, রোববার দুপুর ১২টা পর্যন্ত ইন-কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) ব্যবস্থায় ১১ হাজার ১৯৮ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।


