
নতুন করে তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে ‘আমজনতার দল’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি। এর প্রতিবাদ জানাতে দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনে বসেছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে তিনি আমরণ অনশনে বসেন। নিজের ফেসবুক আইডিতে এ খবর জানিয়েছেন তারেক। পোস্টে তিনি বলেন, “৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে মাত্র এক মাস আগে দল খুলে নিবন্ধন পেয়েছে ‘ডেস্টিনি’। এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি, পরে সব ফাঁস হওয়ায় স্থগিত করা হয়।” তিনি আরও বলেন, “আমরা বছরের পর বছর রাজনীতি করেছি, কিন্তু এখনও নিবন্ধিত হইনি। মনে হচ্ছে রাজনীতি শুধু বুর্জোাদের জন্য। শুধু নিবন্ধনের ঘোষণা নয়, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তিও চাই। তা না হলে আমরণ অনশন মৃত্যুর দিকে নিয়ে যাবে।” এদিকে, ইসি সচিব জানান, চূড়ান্ত পর্যালোচনার পর তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। তিনি আরও জানান, আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে দাবি-আপত্তি জানানোর সুযোগ থাকে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।

