**করোনায় অতিরিক্ত মুসল্লি নিয়ে নামাজের কারণে বরখাস্ত ইমামকে স্বপদে বহাল রাখার নির্দেশ**

0
142

করোনার সময়ে নামাজে অতিরিক্ত মুসল্লি থাকার অভিযোগে বরখাস্ত করা ইমাম মওলানা আজিজার রহমানকে আদালত স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আদালতের আদেশ অনুযায়ী যোগদান এবং বকেয়া বেতন প্রদানের জন্য আবেদন করেন মওলানা আজিজার রহমান। মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের এপ্রিল মাসে করোনা সংক্রমণ সর্বাধিক মাত্রায় পৌঁছেছিল। ধর্ম মন্ত্রণালয় তখন নির্দেশনা দিয়েছিল, জুমার নামাজে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বাধিক ১০ জন এবং অন্যান্য নামাজে সর্বাধিক ৫ জনের বেশি মুসল্লি অংশগ্রহণ করতে পারবে না। ১৭ এপ্রিল, ২০২০, শুক্রবার, মওলানা আজিজার রহমান জুমার নামাজ শুরু করেন ঠিক ১০ জন মুসল্লি নিয়ে। তবে পরে মসজিদের বাইরে কিছু মুসল্লি এসে পেছনে দাঁড়িয়ে নামাজে অংশ নেন। এই ঘটনায় কোনো কারণ দর্শানো নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইমামকে বরখাস্ত করা হয়। ৩২ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করা মওলানা আজিজার রহমান এই বরখাস্তে মর্মাহত হন। ২৩ জুন, ২০২০ সালে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে ১৫ জুলাই, ২০২০ তারিখে আদালত তাকে বেতনসহ স্বপদে বহাল রাখার নির্দেশ দেন। মওলানা আজিজার রহমান বলেন, “করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আমি নামাজ পড়ছিলাম। ১৭ এপ্রিল জুমার নামাজে ১০ জন মুসল্লি নিয়ে নামাজ শুরু করি। পরে বাইরে কেউ পেছনে দাঁড়িয়ে নামাজে অংশ নিয়েছেন কি না, তা আমার জানা নেই। এরপর ১৯ এপ্রিল হঠাৎ মসজিদের তখনকার সভাপতি আমাকে ইমামের পদ থেকে অব্যাহতি দেয়ার চিঠি ইস্যু করেন, যা আমাকে গভীরভাবে আঘাত করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আমি আশা করি মসজিদ কর্তৃপক্ষ আমাকে স্বপদে বহাল রাখবেন এবং বকেয়া বেতন প্রদান করবেন।” এ বিষয়ে গাইবান্ধা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলম মিয়া নুর ফেসবুকে লিখেছেন, “সত্যের জয় হবেই, শুধু অপেক্ষা। রাজনৈতিক কারণে এতদিন তাকে ইমাম পদ থেকে বিরত রাখা হয়েছিল।” সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজ কুমার বিশ্বাস জানান, “অফিসিয়ালি আদালতের লিখিত আদেশ এখনো আমাদের কাছে পৌঁছায়নি। আদেশ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here