
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাওলানা মনসুর আলম নামে এক কয়েদি শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা গেছেন। মনসুর আলম কক্সবাজার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি এক ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং সাত বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। কারাগারের সূত্রে জানা গেছে, শনিবার রাতে মনসুর আলম অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়, যেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেল মো. রাকিব শেখ জানান, মনসুর আলম দীর্ঘ সময় ধরে যাবজ্জীবন কারাদণ্ডে বন্দি ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে।

