
মানিকগঞ্জে তৌহিদি জনতার ও বাউল শিল্পীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে, এতে চারজন আহত হয়েছেন রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় (বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে) এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন, ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আয়োজন করেন। এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন— আবুল সরকার সমর্থক সাঁকরাইল গ্রামের আবুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল, সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম এবং তৌহিদি জনতার মাওলানা আব্দুল আলীম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টায় তৌহিদি জনতা আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী বাউলরা বিজয় মেলার মাঠের শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন। এক পর্যায়ে তৌহিদি জনতার সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দেয়। এর ফলে তিন বাউল শিল্পী এবং এক তৌহিদি জনতা সদস্য আহত হন। পরে বাউলরা পুকুরে ঝাঁপ দিয়ে বিপরীত দিকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে পুলিশ গ্রেপ্তার করে।

