আবারও কি ব্যালন ডি’অরের দৌড়ে ফিরছেন লিওনেল মেসি?

0
139

মেজর লিগ সকারে বয়সকে যেন হার মানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ৩৮ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে এমন দাপুটে ফর্ম দেখাচ্ছেন যে, ইউরোপের আলো ছড়ানো ফরোয়ার্ডরাও তার ধারেকাছেও নেই। দলকে একের পর এক বড় মঞ্চে তোলার পাশাপাশি ব্যক্তিগত পরিসংখ্যানেও তিনি এমন উচ্চতায় পৌঁছেছেন, যা তাকে ২০২৬ ব্যালন ডি’অরের অন্যতম শক্ত প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় এনেছে। সিনসিনাটির বিপক্ষে ইস্টার্ন কনফারেন্স ফাইনালে ওঠার লড়াইয়ে আরেকটি ‘মাস্টারক্লাস’ দেওয়ার পর পরিসংখ্যানও তার পক্ষে আরও জোরালো হয়েছে। ২০২৫ মৌসুমে এখন পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির সরাসরি গোল অবদান ৭১— ইউরোপ থেকে আমেরিকা, কোথাও এমন সংখ্যা আর কারও নেই। তার পেছনে কিলিয়ান এমবাপ্পে আছেন ৬৪ অবদানে, হ্যারি কেন ৬২, আর আর্লিং হলান্ড ৫৮-তে। তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও— যদিও সৌদি লিগে তার মৌসুম উজ্জ্বল ছিল।  **১৩০০ গোল অবদান— আরেক ঐতিহাসিক মাইলফলক** সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ছুঁয়েছেন ক্যারিয়ারের এক অবিশ্বাস্য উচ্চতা— ৮৯৬ গোল + ৪০৪ অ্যাসিস্ট = ১৩০০ গোল অবদানের মাইলফলক। এ বয়সে, এমন স্থায়িত্বের উদাহরণ ফুটবল ইতিহাসে আর নেই।  **শেষ সাত ম্যাচে ২২ গোল অবদান** সেপ্টেম্বরের সিয়াটল ম্যাচ থেকে শুরু হওয়া বর্তমান ফর্ম আরও রোমাঞ্চকর। গত সাত ম্যাচে তার গোল অবদান ২২টি। এই সময়টায় কেবল টরন্টো ও শিকাগোই তাকে গোলবঞ্চিত রাখতে পেরেছে।  **ব্যালন ডি’অরের চার মানদণ্ডেই উজ্জ্বল মেসি** উয়েফা–ফ্রান্স ফুটবলের মানদণ্ড অনুযায়ী ব্যালন ডি’অর নির্ধারণে চারটি বিষয় বিবেচনায় নেওয়া হয়—* গোল ও অ্যাসিস্ট * দলীয় অবদান * শিরোপা * ফেয়ার প্লে ইন্টার মায়ামিকে কনফারেন্স ফাইনালে তোলার মাধ্যমে দলীয় অবদান ও সম্ভাব্য শিরোপার লড়াই দুটোই টিকিয়ে রেখেছেন মেসি। সামনে আরও ১০ মাস সময়— ফর্ম ধরে রাখতে পারলে নবম ব্যালন ডি’অর আর স্বপ্ন থাকবে না, হয়ে উঠবে সম্ভাবনা।  **ইস্টার্ন কনফারেন্স ফাইনালে প্রতিপক্ষ— নিউ ইয়র্ক সিটি এফসি** ফিলাডেলফিয়া ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নিউ ইয়র্ক সিটি এফসি। আর্জেন্টাইন ম্যাক্সি মোরালেসের একমাত্র গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। শনি-রবিবারের মধ্যেই দুই লেগে হবে ইস্টার্ন কনফারেন্স ফাইনাল— মোট ১৮০ মিনিটের লড়াই। জিতলেই ইন্টার মায়ামি উঠবে এমএলএস কাপের ফাইনালে, ডেভিড বেকহ্যামের ক্লাবের বহুদিনের অপূর্ণ স্বপ্নপূরণের সামনে। ইন্টার মায়ামির সাফল্য যতো এগোবে, ততটাই বাস্তবসম্মত হয়ে উঠবে মেসির ব্যক্তিগত লক্ষ্য— নবম ব্যালন ডি’অর। অন্তত সংখ্যার বিবেচনায়, বর্তমানে তার সমকক্ষ কেউ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here