
ময়মনসিংহের গৌরীপুরে শীতের গোসলের ফানি ভিডিও বানানোর সময় অগ্নিদগ্ধ হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন। তিনি পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। বর্তমানে আল-আমিন রাজধানীর বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে। শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার দাড়িয়াপুর গ্রামে পুকুরের উপর মাচা তৈরি করে আল-আমিন এবং তার সহযোগীরা ভিডিও ধারণ করছিলেন। অতিরিক্ত পেট্রল ঢালায় আগুন বড় শিখায় ওঠে, এতে আল-আমিন পানিতে ঝাঁপ দিয়ে দগ্ধ হন। প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সহকারী সুবল চন্দ্র অধিকারী জানান, আগুনের লেলিহান শিখায় আল-আমিনের শরীরের প্রায় ৩৫-৪০ ভাগ দগ্ধ হয়েছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কন্টেন্ট ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, আল-আমিন বর্তমানে সিসিইউতে থাকছেন এবং চিকিৎসকরা তাকে পুনরায় সুস্থ করার চেষ্টা করছেন।

