
নওগাঁর আত্রাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদটি গত ৬ মাস ধরে শূন্য থাকায় জনসেবায় ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পদটি খালি থাকায় সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন চলতি বছরের জুনে অন্যত্র বদলি হওয়ার পর থেকেই আত্রাইয়ের ইউএনওর পদ শূন্য। দীর্ঘ চার মাস ধরে রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। পরে আত্রাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব নেন। পদটি শূন্য থাকায় দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ নথিপত্র অনুমোদনে সময় লাগছে। এতে সাধারণ মানুষ সরকারি সেবা পেতে বিলম্বের শিকার হচ্ছে এবং হতাশা বাড়ছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত একজন স্থায়ী ইউএনও নিয়োগ দেওয়া হোক। ভারপ্রাপ্ত ইউএনও মো. নূরে আলম সিদ্দিক বলেন, “সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো চ্যালেঞ্জিং, তবে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করছি। সাধারণ মানুষ যেন সেবা নিতে কোনো সমস্যার মুখোমুখি না হয়, তা নিশ্চিত করতে আমি নিরলসভাবে কাজ করছি।” আত্রাইয়ের জনগণ আশা করছে, দ্রুত পদ পূরণ করে জনসেবা স্বাভাবিক গতি ফিরে আসবে।

