
লালমনিরহাটের হাতীবান্ধায় সহপাঠীদের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নেমে তামিম ইসলাম নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় ঘটে। তামিম ইসলাম ওই এলাকার রাশেদ ইসলামের ছেলে। জানা গেছে, সোমবার দুপুরে তিন সহপাঠীর সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে যায় তামিম। গোসলের সময় হঠাৎ নদীতে ডুবে যায় সে। পরে সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের কাছে খবর দেয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পানিতে খুঁজে না পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তামিমকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তামিমকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
