পুলিশ দাখিল করেছে জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলার চার্জশিট

0
151

জুলাই মাসে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে পুলিশের কাছে এখন পর্যন্ত ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে ৩১টি হত্যা মামলা এবং বাকি ৭৫টি অন্যান্য ধারার মামলা। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার্জশিটকৃত ৩১টি হত্যা মামলা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পিবিআই, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে দায়ের করা হয়েছে। অন্য ৭৫টি মামলার মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, সিআইডি, ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়েরকৃত মামলা। ছাত্র ও জনতার গণঅভ্যুত্থান সম্পর্কিত এই মামলাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিটি মামলা তদারকি করছেন। অন্যান্য মামলার তদন্তও দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার কাজ চলছে। এছাড়া, ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২,৮৩০ জনকে অব্যহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here