**মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ‘পরশ’ আসছে, তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে**

0
149

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ **‘পরশ’**, দেশের তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে অগ্রহায়ণ মাস শেষ হতে কয়েকদিন বাকি, ইতোমধ্যেই গ্রামাঞ্চলে বাড়ছে শীতের দাপট। এরই মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি দেশে বয়ে যেতে পারে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ **‘পরশ’**—জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সোমবার (৮ ডিসেম্বর) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, **১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে** সক্রিয় থাকতে পারে এই শৈত্যপ্রবাহ। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেটের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে **৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে**। এর আগে চলতি শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় **১০.৫ ডিগ্রি সেলসিয়াস**। এছাড়া শ্রীমঙ্গল ১১ ডিগ্রি, কুমিল্লা–বদলগাছী–গোপালগঞ্জ–রাজারহাটে ১২.৫ ডিগ্রি, যশোর–চুয়াডাঙ্গায় ১২.৪ ডিগ্রি এবং রাজশাহী–কুষ্টিয়া–ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা **১৫ ডিগ্রির নিচে**, যা শৈত্যপ্রবাহের সম্ভাবনা বাড়ায়। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শৈত্যপ্রবাহ ধরা হয়—৮–১০ ডিগ্রি মৃদু, ৬–৮ ডিগ্রি মাঝারি, ৪–৬ ডিগ্রি তীব্র, আর ৪ ডিগ্রির নিচে অতিতীব্র। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, **১৫ ডিসেম্বরের পর** বিচ্ছিন্নভাবে কোথাও ১০ ডিগ্রির নিচে নামতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। গত বছরের ডিসেম্বরের মতোই তাপমাত্রা থাকার সম্ভাবনা বেশি। এদিকে আগামী পাঁচদিন আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীতের প্রভাব আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here