আগামী নির্বাচনকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে তুলতে হবে : প্রধান উপদেষ্টা

0
215

গণঅভ্যুত্থানের পরবর্তী জাতীয় নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ’ গঠনের একটি অনন্য সুযোগ হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়েই এই সুযোগকে স্মরণীয় করতে হবে। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও যুক্ত ছিলেন। ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, *“ইতিহাস আমাদের হাতে নতুন সুযোগ তুলে দিয়েছে—এ সুযোগ আর কোনো প্রজন্ম পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, আর ব্যর্থ হলে জাতি বড় ধাক্কা খাবে।”* তিনি আরও বলেন, অতীতে যে নির্বাচনগুলো হয়েছে তা ছিল প্রতারণামূলক। এবার তাই দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন নয়, বরং একটি ঐতিহাসিক দায়িত্ব পালন। তিনি বলেন, “আমরা যদি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি, তবে আগামী নির্বাচনের দিনটি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে।” আগামী নির্বাচন ও গণভোট দুটিই সমানভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. ইউনূস বলেন, *“নির্বাচন পাঁচ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের সিদ্ধান্ত। এর মাধ্যমে আমরা স্থায়ীভাবে বাংলাদেশকে বদলে দিতে পারি।”* সদ্য যোগদানকারী ইউএনওদের তিনি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের দায়িত্ব স্মরণ করিয়ে দেন। নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা এবং সমন্বিত প্রস্তুতি গ্রহণেরও পরামর্শ দেন তিনি। গণভোটে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, *“ভোটারদের স্পষ্ট করে বোঝাতে হবে—‘হ্যাঁ’ দেবেন নাকি ‘না’, তা মন ঠিক করেই কেন্দ্রে আসতে হবে।”* অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয় থাকার নির্দেশনা দিয়ে তিনি কর্মকর্তাদের ধাত্রীর সঙ্গে তুলনা করে বলেন, “ধাত্রী ভালো হলে শিশুও ভালো জন্মায়।” নারী ভোটারদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। শিগগিরই তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, *“নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোন কাজ কখন করবেন—এ পরিকল্পনা এখন থেকেই শুরু করুন।”* অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here