
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় এখনও চূড়ান্ত হয়নি; বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ভেতরে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি ও নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, *“রাষ্ট্রপতি তফসিল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে আউট অব কান্ট্রি ভোট নিয়ে কৌতূহল দেখিয়েছেন এবং নির্বাচন কমিশন এ বিষয়ে কাজ এগিয়ে নিচ্ছে। অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রপতি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”* তিনি আরও জানান, বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। তফসিল ঘোষণার সুনির্দিষ্ট সময় নিয়ে আলোচনা চলছে এবং দুই ঘণ্টার মধ্যে আরেকটি আপডেট জানানো হবে।এর আগে দুপুর সাড়ে ১২টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের ইসি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এবং বিকেল ২টায় বঙ্গভবন ত্যাগ করে। রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতির সব তথ্য জানানো হয়, এরপর সিইসি ভাষণের মাধ্যমে বিটিভি-বেতারে তফসিল ঘোষণা করেন। এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি–সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট করলেও অন্য দলের প্রতীকে ভোট চাওয়ার সুযোগ থাকছে না। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র ও ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে—যার মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে। এবার ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
