
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ০৩:০০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে আসন্ন পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম। এসময় তিনি পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় কমিশনার মহোদয় ব্যবসায়ী সংগঠন ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পর্যবেক্ষণ ধৈর্য সহকারে শোনেন এবং রমজানকে কেন্দ্র করে সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সামনে রেখে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সিএমপি কঠোর অবস্থানে রয়েছে। এদিকে বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জানান, আসন্ন রমজানে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। তিনি বলেন, রমজান মাসে সড়কে যানজট সৃষ্টি না হয় এবং ফুটপাত ব্যবহার করে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে—সে বিষয়ে পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও সজাগ থাকতে হবে। প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থাও করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।

