চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিতে টোলমুক্ত যাতায়াতের দাবি

0
50

বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি গ্রহণ; দাবির প্রতি সমর্থন জানিয়ে নেতৃবৃন্দকে অভিনন্দন বিভাগীয় কমিশনারের
চট্টগ্রাম, ৮ নভেম্বর ২০২৬: প্রস্তাবিত সম্প্রসারিত চট্টগ্রাম মহানগরীর আওতাভুক্ত বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারার নির্ধারিত এলাকার স্থায়ী বাসিন্দাদের কালুরঘাট ও শাহ আমানত সেতুসহ টানেলে টোলমুক্ত যাতায়াত নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম (BCcf)।
রোববার (৮ নভেম্বর) বেলা ১টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এবং কার্যকরী সভাপতি সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সমন্বয় ও সভাপতিত্বে প্রতিনিধি দলটি এ কর্মসূচিতে অংশ নেয়।
স্মারকলিপি গ্রহণকালে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের এ জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগকে স্বাগত জানান এবং ফোরামের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি দাবিটির যৌক্তিকতা ও জনকল্যাণমূলক দিকের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে এ ধরনের গঠনমূলক নাগরিক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তিনি আরও আশ্বস্ত করেন, ফোরামের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপনের গুরুত্বও তিনি তুলে ধরেন।
স্মারকলিপিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর ২০২৫–২০৫০ মেয়াদি প্রস্তাবিত মহাপরিকল্পনায় বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব এলাকা মহানগর পরিকল্পনার আওতায় এলে নগরীর সঙ্গে মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিদিন কালুরঘাট ও শাহ আমানত সেতু কিংবা টানেল ব্যবহার করতে টোল দিতে হলে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে।
ফোরামের নেতৃবৃন্দের মতে, নগর সম্প্রসারণ মানে শুধু ভৌগোলিক সীমানা বৃদ্ধি নয়; এর সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর নাগরিক অধিকার, যোগাযোগের স্বাধীনতা, অর্থনৈতিক সক্ষমতা এবং সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তাই মহাপরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগেই টোলমুক্ত যাতায়াতের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
স্মারকলিপিতে আট দফা প্রস্তাবের মধ্যে রয়েছে, পরিকল্পনাভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দাদের ব্যক্তিগত ও পারিবারিক যানবাহনের টোল মওকুফ, সুবিধাভোগী এলাকার সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র ও বসবাসের ঠিকানা যাচাইয়ের মাধ্যমে ডিজিটাল নিবন্ধনব্যবস্থা চালু, আধুনিক প্রযুক্তিতে স্বয়ংক্রিয় টোলমুক্ত পারাপার এবং সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিকল্প সরকারি অর্থায়ন নিশ্চিত করা।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু পরিচালনাকারী কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি আন্তঃপ্রাতিষ্ঠানিক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সীমানা, সম্ভাব্য সুবিধাভোগী, টোল রাজস্ব ও আর্থিক প্রভাব পর্যালোচনা করে ৯০ দিনের মধ্যে বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়নের আহ্বান জানানো হয়।
একই সঙ্গে মহাপরিকল্পনায় বিকল্প সেতু, সংযোগ সড়ক, আধুনিক গণপরিবহন, কমিউটার ট্রেন ও জলপথে যোগাযোগের সম্ভাবনা অন্তর্ভুক্ত করার প্রস্তাবও তুলে ধরা হয়েছে।
মতবিনিময় সভায় ফোরামের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতি, বন্দর, শিল্প ও পর্যটনশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এ অঞ্চলের উন্নয়ন শুধু চট্টগ্রামের নয়, জাতীয় অর্থনীতির অগ্রগতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত। তাই বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের জীবনমান, নাগরিক অধিকার ও আর্থিক সক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম, যুগ্ম মহাসচিব লায়ন জিল্লুর রহমান সাকিল, গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মোহাম্মদ হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক অরূপ, মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, মোহাম্মদ রাকিব, মাসুদ রানা, মোহাম্মদ সেলিম, মিনহাজুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ কে এম ওসমান গনি, আলহাজ নেজামুল হক চৌধুরী, মোহাম্মদ শেখ আব্দুল্লাহ, মোহাম্মদ সেলিমউল্লাহ চৌধুরী, মহসিন বাবুল, এ কে এম অলিউল্লাহ, মহানগর সভাপতি এম হামিদ হোসাইন, মনজুর আলম, মোহাম্মদ বেলাল উদ্দিন, আব্বাস আহম্মদ, মোহাম্মদ সানাউল্লাহ হক, মোহাম্মদ আজিজুর রহমান খন্দকার, মোহাম্মদ শাহ আলম সাজু তালুকদার, মোহাম্মদ কুতুবউদ্দিন চৌধুরীসহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন ফোরামের চেয়ারম্যান আবু সৈয়দ, কার্যকরী সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিন।
ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় নির্দেশনায় এ জনস্বার্থসংশ্লিষ্ট দাবি বাস্তবায়নের পথ সুগম হবে।
তাঁরা বলেন, শহরের সীমানা সম্প্রসারিত হলে নাগরিক সুবিধাও সম্প্রসারিত হতে হবে। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, কোনোভাবেই যেন তা নতুন আর্থিক বোঝার কারণ না হয়।
বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্লোগান: শহর সম্প্রসারণ চাই, নাগরিক ভোগান্তি নয়। উন্নয়নের সুফল চাই, টোলের বাড়তি বোঝা নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here