রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা

0
17

শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

এর আগে বেলা ১২টার পর বিজিএমইএ কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও বিকেএমইএর প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, জরুরি মতবিনিময় সভায় অংশ নেওয়া অধিকাংশ সদস্যই মনে করেন, কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট এলাকার কারখানার মালিকেরা কঠিন হলেও অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে না পারা কারখানাগুলো আগামী ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা জানিয়েছেন।

মাহমুদ হাসান খান বাবু বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

পোশাকশিল্পের উদ্যোক্তারা দ্রুত এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংকট মোকাবিলায় মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএ সভাপতি স্পষ্ট করেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কারখানা বন্ধ করতে পারে না। বরং বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারায় সংশ্লিষ্ট কারখানার মালিকেরা নিজেরাই বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে মাহমুদ হাসান খান বাবু বলেন, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এদিন আরও ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম চালাতে পারেনি। এসব কারখানার মালিক চাইলে আগামীকাল থেকে একই ধারায় কারখানা বন্ধ ঘোষণা করতে পারবেন।

তিনি আরও জানান, শনিবার সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। বিজিএমইএর সদস্যভুক্ত একটি কারখানায় গড়ে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here