চিকিৎসকদের কমিশন বাণিজ্য বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা

0
25

রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন চিকিৎসকদের একাংশ। দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ দৈনিক প্রায় ৫ কোটি ১০ লাখ টাকা। বছর শেষে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম ও সুশাসনের ঘাটতির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালগুলোর প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্য উঠে এসেছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। কিছু সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিনের সম্পাদনায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় রয়েছে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রতিবেদনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার সমন্বয়হীনতা স্বাস্থ্য খাতে দুর্নীতির অন্যতম কারণ। অনিয়মকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাঁর মতে, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়; সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের সংকট সমাধান করা যাবে না। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। দুর্নীতি কেবল আর্থিক অনিয়ম কিংবা দরপত্র কারসাজিতে সীমাবদ্ধ নয়, বরং বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির আওতায় পড়ে।

গবেষণায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে এ হার ৭০ শতাংশেরও বেশি। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা গ্রহণ করা ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের বিভিন্ন ধরনের অনিয়মের শিকার হওয়ার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো।

প্রতিবেদনে একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাসে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে হাসপাতালের একজন ওয়ার্ডবয় ৫ হাজার টাকা নেন। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।

এ ছাড়া রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে চিকিৎসকদের কমিশন নেওয়ার বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করা হয়েছে। গবেষণার হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। তবে এ হিসাব স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।

পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব পাওয়া যায়নি।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে মোট ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসাশিক্ষার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে ১১৮টিতে দাঁড়ায়। তবে প্রতিষ্ঠান বাড়লেও সেই অনুপাতে শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নয়ন হয়নি।

স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি কমাতে বেশ কিছু কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ আইনিভাবে নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।

পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইনি কাঠামো তৈরি, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম ক্রয় থেকে ব্যবহার পর্যন্ত প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতির তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার সুপারিশও রয়েছে।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব প্রতিষ্ঠানের প্রধান হওয়ার সুযোগ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থায় রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং একটি স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here