চাঁদা না পেয়ে উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

0
25

মুন্সীগঞ্জের সিরাজদীখানে চাঁদা না দেওয়ায় সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে। ঠিকাদার ও শ্রমিকদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ এবং হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এতে নিরাপত্তাহীনতায় কাজ বন্ধ করে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন শ্রমিকরা। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জুয়েল রানা জুলহাস।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সী, সহসভাপতি মহিউদ্দিন মোল্লা ও সদস্য মাঈনউদ্দিন মুন্সী।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় বালুচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকটি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজের দায়িত্ব পায় এ আর এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জুয়েল রানা জুলহাস। প্রকল্পের আওতায় কয়রাখোলা এলাকায় আক্কাস মোল্লার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সৈয়দ মুন্সীর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা এবং মুরাদনগরে হামিদের বাড়ি থেকে আবদুর রবের বাড়ি পর্যন্ত বিএফএস রাস্তা নির্মাণের কাজ রয়েছে।

ঠিকাদার জুয়েল রানা জানান, শনিবার মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করতে শ্রমিক ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান তিনি। এ সময় অভিযুক্ত তিন নেতা সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। তাঁদের দাবি, চাঁদা না দিয়ে ওই এলাকায় রাস্তার উন্নয়নকাজ করা যাবে না। একপর্যায়ে শ্রমিকদের চলে যেতে এবং নির্মাণকাজে ব্যবহারের জন্য আনা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়।

জুয়েল রানা আরও অভিযোগ করেন, এ সময় তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজের ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি। এর ফলে সরকারি অর্থায়নে নেওয়া উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন ঠিকাদার।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জমির মুন্সী। তিনি বলেন, তাঁরা কোনো চাঁদা দাবি করেননি। নির্মাণাধীন রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে—এমন অভিযোগে তাঁরা কাজে বাধা দিয়েছেন।

এ বিষয়ে সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, বিষয়টি জানার পরপরই সত্যতা যাচাইয়ের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here