
চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আমিন মার্কেটের মা স্টোর নামের দোকানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সাইফুদ্দিন মুরাদ (মুরাদ), পিতা শামসুদ্দিন সওদাগর, পটিয়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, জমি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে সেখানে ঘর নির্মাণ করতে গেলে সাব্বিরের সঙ্গে মুরাদের পরিবারের বিরোধ তৈরি হয়।
এ ছাড়া বিগত সরকারের আমলে সাব্বিরের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছিলেন মানিক। ঘটনার দিন এ নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক ঘটনাস্থল থেকে সরে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশের ভাষ্য।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালায় রাউজান থানা পুলিশ। গত ১৫ নভেম্বর দুপুর ২টা ২০ মিনিটে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় নোয়াপাড়া-গুজরা পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সাব্বির হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়ায় তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করেছে, উদ্ধার করা দুটি টিপ চাকুর একটি দিয়ে ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল। সব মিলিয়ে অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। পরে তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

