জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

0
25

মর্জিনা আক্তার চট্টগ্রাম :

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ফেসবুক পেজ ও ভুয়া আইডি ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের একটি নেটওয়ার্কের তথ্যও পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ দল গতকাল রাতভর মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং জমি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মেহেদী ও সাকিবুল ইয়াসিনের বোনের ছেলে এবং ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। একইভাবে আনোয়ারও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে প্রচারণা চালানোর সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে পারভেজ ইয়াসিনের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা অনুসন্ধানে আরও উঠে এসেছে, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকেও ব্যবহার করত। ফেসবুক পেজ ও ভুয়া আইডির মাধ্যমে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থার অভিযান ও সরকারি সিদ্ধান্ত নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হতো বলে অভিযোগ রয়েছে।

পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক, কমেন্ট ও শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরির চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার করা মোবাইল ফোন ও ডিজিটাল তথ্য পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্ট পেজ ও আইডির কার্যক্রম, অর্থায়ন এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা নিশ্চিত করা, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা, ভূমি দখল, অবৈধ বাণিজ্য এবং প্রতারণা প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশের ভাষ্য, দীর্ঘদিনের অপরাধপ্রবণতা ও সন্ত্রাসী তৎপরতা নির্মূল করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ বসবাস, নির্বিঘ্ন চলাচল এবং আইনসম্মত অধিকার নিশ্চিত করাই তাদের কার্যক্রমের মূল লক্ষ্য। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এলাকায় ছয়টি রাস্তা নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে, যা স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি আইনানুগ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এ বিষয়ে সাধারণ মানুষকে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here