
ফুকোশিমা বিপর্যয়ের পর দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি–কারিওয়া পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। রয়টার্সের খবরে জানানো হয়েছে, কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এ উদ্যোগ নিয়েছে। নিগাতা প্রদেশে অবস্থিত কাশিওয়াজাকি–কারিওয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে মোট সাতটি চুল্লি রয়েছে, যার সম্মিলিত উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ গিগাওয়াট। ২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর সৃষ্ট ফুকোশিমা দুর্ঘটনার জেরে দেশের অধিকাংশ পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়। টেপকোর তথ্যমতে, ফুকোশিমা দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টিকে পুনরায় চালুর উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৪টিতে ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কাশিওয়াজাকি–কারিওয়া চালু হলে জাপানে সচল পরমাণু চুল্লির সংখ্যা আরও বাড়বে। তবে কেন্দ্রটি পুনরায় চালু করার বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ রয়ে গেছে। সাম্প্রতিক এক জরিপে নিগাতা প্রদেশের প্রায় ৬০ শতাংশ বাসিন্দা এখনই বিদ্যুৎকেন্দ্রটি চালুর বিরোধিতা করেছেন। এদিকে টেপকো কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই কেন্দ্রটি চালু করা হবে এবং ফুকোশিমার মতো কোনো দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।


