
আজ মহান একুশে ফেব্রুয়ারি—শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, ভাষা আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি।
শ্রদ্ধাঞ্জলী প্রদানকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, এড. মাসুদ, আজিজ, এস এম জামাল উদ্দিন, মোহাম্মদ নূর, জয়শ্রী পাল, তাহেরা শারমিন, সরণ বড়ুয়া, সুমন, পুলক চৌধুরী, বৃষ্টি নাথ, হৃদয় দে প্রমুখ।
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের প্রেরণা ও চেতনার উৎস। তিনি শিক্ষা, প্রশাসন ও সর্বস্তরে শুদ্ধ বাংলা চর্চা এবং ভাষা-সংস্কৃতির বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। চট্টগ্রাম নাগরিক ফোরাম ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


