
নিজস্ব প্রতিবেদক,
রাউজান উপজেলার দক্ষিণাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সম্প্রতি এলাকায় সংঘটিত সশস্ত্র হামলা ও উত্তেজনাকর পরিস্থিতির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জহুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, গত ৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার হাটহাজারী সীমান্তবর্তী মুন্সিরঘাট এলাকায় দু’দল সশস্ত্র ব্যক্তির মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রাউজানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা—উজিরপুর, নোয়াপাড়া, গহিরা, বাগোয়ান, পশ্চিম গুজরা ও পূর্ব গুজরা—এ আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ও টহল কার্যক্রম জোরদার করতে হবে। স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সমন্বয় বজায় রেখে পরিস্থিতি শান্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। চিঠিটি প্রেরণ করা হয়েছে পুলিশ সুপার, চট্টগ্রাম; র্যাব-৭ হালিশহর ক্যাম্পের কোম্পানি কমান্ডার; উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাউজান; সহকারী কমিশনার (ভূমি), রাউজান; এবং অফিসার ইনচার্জ, রাউজান থানার কাছে। অফিস আদেশের নম্বর: ০৫.৪৪.০০০০.০৫৫.৫০.০০.১৫-১৩০৬/১
তারিখ: ০৭ অক্টোবর ২০২৫
স্বাক্ষরিত: শেখ জহুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।


