
রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে আমরা লবঙ্গ ব্যবহার করি। তবে এই ছোট্ট মশলাটি শুধু খাবারের স্বাদই নয়, শরীরের জন্যও অজস্র উপকার বয়ে আনে। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন ১টি লবঙ্গ খেলে হজম ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কাশি, মুখের দুর্গন্ধের মতো ছোটখাটো সমস্যা কমে। লবঙ্গে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহবিরোধী উপাদান। এর ফলে এটি শরীরের নানা সমস্যায় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। এটি হজম সহজ করে, পেট ফোলা ও অ্যাসিডিটি কমায়, মুখের দুর্গন্ধ দূর করে, জয়েন্টের ব্যথা ও বমি ভাব কমায়, কাশি ও ঠান্ডায় সাহায্য করে। পাশাপাশি, লবঙ্গ রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং লিভার ও হৃদ্যন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। **কখন ও কীভাবে খাওয়া ভালো** কোচির অমৃতা হাসপাতালের পুষ্টিবিদ রহিতা ও. আর. বলেন, সকালে খালি পেটে ১-২টি লবঙ্গ চিবিয়ে খেলে হজম ভালো হয় ও লালা উৎপাদন বাড়ে। এতে খাবার সহজে হজম হয় এবং বমি ভাব বা অ্যাসিডিটি কমে। পুষ্টিবিদ ভক্তি অরোরা কাপুরের মতে, লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মুখের জীবাণু দূর করে ও দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে। **মুখের দুর্গন্ধ ও সার্বিক সুস্থতা** লবঙ্গের প্রদাহবিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে। এটি লিভার পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে এবং ব্যথানাশক হিসেবেও কাজ করে। ভারতের পুষ্টিবিদ আরুশি গর্গ জানান, লবঙ্গ লিভারকে সুরক্ষা দেয় এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, যা শরীরের ডিটক্স প্রক্রিয়ায় সহায়ক। **লবঙ্গ চিবানো সম্ভব না হলে কী করবেন?** যদি সরাসরি লবঙ্গ চিবানো কঠিন হয়, তাহলে এসব সহজ উপায়ে গ্রহণ করা যায়: * সকালের ওটমিল বা দইয়ে গুঁড়া লবঙ্গ মিশিয়ে খেতে পারেন * চায়ের সঙ্গে কয়েকটি লবঙ্গ দিয়ে ফুটিয়ে পান করুন * রান্নায়, বিশেষ করে মাংসের ম্যারিনেট বা বেকিংয়ে লবঙ্গ ব্যবহার বাড়াতে পারেন দৈনন্দিন মাত্র ১টি লবঙ্গ খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী। তবে যাদের পেটের আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা আছে, তারা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

