
আজ ভারতের প্রখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের জন্মদিন। দুই মাস আগে সিঙ্গাপুরে তাঁর আকস্মিক মৃত্যু ঘটে। মৃত্যুর পর প্রথম জন্মদিনে ভক্তরা তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন। ভোর থেকেই কাহিলিপাড়ার বাসস্থানে ভক্তরা উপস্থিত হতে শুরু করেন, কণ্ঠে ঝংকার করে তাঁর জনপ্রিয় গানগুলো। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও ফ্যান ক্লাবও জন্মদিন উদ্যাপনে অংশ নেয়। সোমবার মধ্যরাত থেকেই ভক্তরা গুয়াহাটির বাড়ির সামনে সমবেত হয়ে কেক কেটে ও গান গেয়ে উদ্যাপন শুরু করেন। মঙ্গলবার সকালে জুবিনের বাবা ও স্ত্রী গরিমা গার্গ কেক কেটে অনুষ্ঠান শুরু করেন, এরপর জুবিনের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়। ভাস্কর্যটি জুবিনের প্রিয় বকুলগাছের পাশে স্থাপন হওয়ায় আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। পরিবার জানিয়েছে, ব্যক্তিগতভাবে এই স্থানটি জুবিনের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ভক্তরা তাঁর শেষকৃত্যের স্থান জুবিনক্ষেত্রেও জড়ো হয়ে প্রদীপ জ্বালিয়ে, ফুল দিয়ে এবং গান গেয়ে শ্রদ্ধা জানান। এ অনুষ্ঠান কাহিলিপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি; সোনাপুর ও সরুসজাইয়েও ভক্তরা মিলিত হয়। সোনাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। জুবিন গার্গের জন্ম ১৯৭২ সালের ১৮ নভেম্বর এবং মৃত্যু হয় ১৯ সেপ্টেম্বর। সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সেখানকার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৩৩ বছরের কর্মজীবনে জুবিন অসমীয়া, বাংলা, হিন্দি চলচ্চিত্রসহ বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আদি, বড়ো, ডিমাসা, গুজরাটি, কন্নড়, নেপালি, ওড়িয়া, তামিল, তেলেগু, উর্দুসহ ৪০টির বেশি ভাষা ও উপভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন।

