
অস্ট্রেলিয়ার সিডনির একটি সমুদ্র সৈকতে রবিবার (১৪ ডিসেম্বর) বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় অন্তত ৫০ রাউন্ডের গুলির শব্দ শোনা গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিদের খবর পাওয়ার পর পুলিশ দুইজনকে আটক করেছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের এক্স-এর পোস্টে জানানো হয়েছে, পুলিশি অভিযান এখনও চলমান এবং জনগণকে ওই এলাকা এড়াতে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। টেলিভিশন নেটওয়ার্ক স্কাই ও এবিসির ফুটেজে দেখা যাচ্ছে, অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। তবে নিহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শী, ৩০ বছর বয়সী স্থানীয় হ্যারি উইলসন জানিয়েছেন, “আমি কমপক্ষে ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। সব জায়গায় রক্তক্ষরণ। পুলিশ অভিযান চালাচ্ছে, এবং মনে হচ্ছে ভয়াবহ কিছু ঘটেছে।”


